বর্ষা শেষ হলেও ডেঙ্গুর ঝুঁকি কমেনি। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসজুড়ে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই বিশেষ কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এই তিন মাসকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, শুধু মশকনিধন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, মহানগর এলাকায় সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কর্মসূচির সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে এ দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
অভিযানে স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে। প্রতি শনিবার তারা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন।
একই সঙ্গে কোথাও জমে থাকা পানি বা অপরিচ্ছন্ন জায়গায় এডিস মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, তা খুঁজে বের করা হবে। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বার্তা হলো—ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; প্রতিটি পরিবার ও নাগরিকের সচেতন অংশগ্রহণই পারে ঝুঁকি অনেকটা কমিয়ে আনতে।
তাই আগামী তিন মাস বাড়ি, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |